আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০১ ২২:০০:১০


আয়ারল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। দেশটিতে বাংলাদেশ দূতাবাস স্থাপন বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ও এটি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসটি ডাবলিনের বলসব্রিজ কূটনৈতিক এলাকার আলেকজান্দ্রা হাউজে অবস্থিত একটি অস্থায়ী চ্যান্সারি অফিস থেকে প্রাথমিকভাবে এর প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে।

মনোনীত রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নূরে আলম আজ মিশনের দায়িত্ব নিয়েছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন বলে আশা করা হচ্ছে।

এ দূতাবাস চালুর ফলে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়বে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি নিবেদিত প্ল্যাটফর্ম তৈরি হবে। আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদারেও কাজ করবে দূতাবাস।

বর্তমানে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি আয়ারল্যান্ডে রয়েছেন। বাংলাদেশি ও অন্যান্য যোগ্য আবেদনকারীদের দূতাবাস যথাসময়ে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা দেবে।

বর্তমানে কনস্যুলার সেবা কার্যক্রম শুরুর লক্ষ্যে দূতাবাস প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। পাসপোর্ট, ভিসা ও কনস্যুলার সেবা সংক্রান্ত তারিখ, প্রক্রিয়া এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যথাসময়ে আনুষ্ঠানিক মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আয়ারল্যান্ডে আবাসিক দূতাবাস স্থাপনের মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশ সরকার আশাবাদী।

বিএইচ