শিক্ষামন্ত্রী

২০২৭ সালে ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বিষয়

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-০৬ ১৫:৩৭:০৩


২০২৭ সাল থেকে ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নতুন বিষয়গুলোর মধ্যে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে দুইটি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ যুক্ত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, কারিগরি দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ছোটবেলা থেকেই সম্পৃক্ত করা প্রয়োজন। এ লক্ষ্যেই ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন আনা হবে। শিক্ষার্থীদের চাহিদা ও সময়ের প্রয়োজন বিবেচনায় নিয়ে পাঠ্যক্রমে আরও নতুন বই সংযোজনের বিষয়টিও বিবেচনা করা হবে।

এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক মিজ রোজী আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল। ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিএইচ