দারুল ইহসানের ডিগ্রিধারীদের এমপিওভুক্তির আদেশ স্থগিত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৮-২৯ ২২:৩৭:১৬
বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির (বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান) নির্দেশটি স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে বুধবার (২৯ আগস্ট) আগের আদেশটি স্থগিত করে নতুন আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে ২৮/০৮/২০১৮ তারিখে জারীকৃত (৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০২.২০১৪(খণ্ড-১)) ৩৫৪ নং আদেশটি স্থগিত করা হলো।
২০১৬ সালের ২৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস ও দারুল ইহসানের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল সরকার।
বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের নিজেদের মধ্যে বিভেদ এবং এই বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করে অসংখ্য আউটার ক্যাম্পাস খুলে নানা ধরনের সার্টিফিকেট ব্যবসা করছিলো।
হাইকোর্টের রায় অনুযায়ী, দারুল ইহসানের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের ওই সময়ের আদেশে উল্লেখ ছিলো।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারীরা উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালত বিভিন্ন সময়ে আবেদনকারীদের সনদ বৈধতা দেয়। দারুল ইহসান থেকে ডিগ্রি নিয়ে প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন।
গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছিল, মহামান্য সুপ্রীম কোর্টের নির্দেশ মোতাবেক দারুল ইহসান বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
এছাড়াও ওই সনদের ভিত্তিতে ইতোমধ্যে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের এমপিওভুক্ত সংক্রান্ত সব কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) গ্রহণ করবে।
এ বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
তবে দারুল ইহসানের ডিগ্রিধারীদের এমপিওভুক্তির আদেশটি স্থগিত করলেও কোনো কারণ উল্লেখ করেনি শিক্ষা মন্ত্রণালয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













