সিলভা ফার্মার আইপিও লটারির ড্র শুরু

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-০৮-৩০ ১১:০৫:৪৩


সম্প্রতি আইপিও অনুমোদন পাওয়া সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র আজ শুরু হয়েছে।  এদিন রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এই লটারি অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সায়রা খান, পরিচালক নজরুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক মুশফিকুর রহমান এফসিএ ও কোম্পানি সচিব মো. ইকবাল হোসাইন।
এছাড়া ইস্যু ম্যানেজার ইম্পেরিয়াল ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন শিকদার, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও আবু নাঈম মো. ইব্রাহিম ওডিএসই, সিএসই, সিডিবিএলের প্রতিনিধিরা লটারি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

এর আগে গত ২৯ জুলাই থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়েছিল। যা চলে ৫ আগস্ট পর্যন্ত।

গত ১১ জুন বিএসইসির ৬৪৭তম কমিশন সভায় সিলভা ফার্মাসিউটিক্যালসের আইপিও অনুমোদন দেয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু করবে কোম্পানিটি।

আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানার ভবন নির্মান, ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা শূন্য ৩ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।