প্রধানমন্ত্রী আসবেন, তাই ঢাবিতে ১৯৭১ ফুট দীর্ঘ আলপনা
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০১৮-০৯-০১ ১০:২৮:২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ‘৭ই মার্চ’ ভবন উদ্বোধন করবেন শনিবার (১ সেপ্টেম্বর)। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংসদ সচিবালয় থেকে রোকেয়া হল পর্যন্ত ১৯৭১ ফুট দীর্ঘ এবং ৭ ফুট প্রস্থ আলপনা এঁকেছেন।
শুক্রবার (৩১ আগস্ট) বিকেল থেকে মধ্যরাত পযর্ন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদের শতাধিক শিক্ষার্থী এই আলপনা আঁকার কর্মযজ্ঞে অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৭ই মার্চ ভবন উদ্বোধন করতে সচিবালয়ের রাস্তা হয়ে রোকেয়া হলে আসবেন। যে পথ দিয়ে তিনি যাবেন সেই পথকে রঙিন করে তুলতে কাজ করেছেন তারা। এই আলপনা প্রধানমন্ত্রীর মনে চিরস্থায়ী জায়গা করে নিবে বলে তাদের বিশ্বাস।
আলপনা আঁকার বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হুসেইন বলেন, প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এটি এখানে অধ্যয়নরতদের জন্য গর্বের। প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবকাঠামা ও অ্যাকাডেমিক উন্নয়নেও তার অসামান্য অবদান। শিক্ষার্থীরা অবদানের স্বীকৃতিস্বরুপ এই আলপনা এঁকেছেন।
এ দিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাতে আনন্দ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রধামন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসের রাস্তার দুপাশে অবস্থান করছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর ৭ই মার্চ ভবন উদ্বোধন করার কথা রয়েছে।
২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা সমাধানে ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছিলেন। ভবনগুলোর মধ্যে অন্যতম ছিল রোকেয়া হলের ‘৭ মার্চ ভবন’। ১১ তলাবিশিষ্ট এ ভবনে প্রায় এক হাজার ছাত্রী আবাসন সুবিধা পাবেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














