বিএসইসির ২৫ বছর ফুর্তির কর্মসূচী
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১০ ১৭:৪৫:৪৬
বিএসইসির ২৫ বছর ফুর্তির কর্মসূচী
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বয়স হয়েছে ২৫ বছর। এ উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করবে সংস্থাটি। এতে ৫ দিনের কর্মসূচী ঘোষণা করেছে বিএসইসি।
রাজধানীর আগারগাঁও সিকিউরিটিজ কমিশন ভবনে সোমবার সংবাদ সম্মেলনে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বিএসইসির কর্মসূচীর নানাদিক তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এবং নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিনি জানান, আগামী ১২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রজতজয়ন্তী কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৫ দিনব্যাপী কর্মসূচীতে সেমিনার, আলোচনা সভা, পুনর্মিলনী, কর্পোরেট গভর্ণেন্স বিষয়ক সেমিনার অন্তর্ভুক্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন ছাড়াও স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সরকারের শীর্ষ কর্তা, মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
১৩ সেপ্টেম্বর : কর্মসূচীর দ্বিতীয় দিন বৃহিস্পতিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম ক্লাব লিমিটেডে সেমিনার আয়োজন করা হয়েছে। এতে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
১৫ সেপ্টেম্বর : কর্মসূচীর তৃতীয় দিন শনিবার বিকালে লা মেরিডিয়ান হোটেলের গ্রান্ড বল রুমে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
১৬ সেপ্টেম্বর : ৪র্থ দিন রাজধানীর আগারগাঁও নিজস্ব কার্যালয়ে বিএসইসি পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠান হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জি:নিয়ার মোশারফ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
১৭ সেপ্টেম্বর : ৫ম দিন কর্মসূচীর সমাপ্ত ঘোষণা করা হবে। এদিন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কর্পোরেট গভর্ণনেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ, ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর মধ্য দিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১২ সালে এর নাম পরিবর্তন করে করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
—






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












