ইন্দোবাংলার আইপিও লটারির ড্র আজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১১ ০৮:৪০:০১


সাধারণ বিনিয়োগকারীদের ৭১.৪০ গুণ আবেদন নিয়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও লটারির ড্র আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে । পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কোম্পানিটির আইপিও শেয়ার কিনতে আবেদন পড়েছে ৩৪.২৪ গুণ। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এই লটারি অনুষ্ঠিত হবে।কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয় গত ৯ আগস্ট থেকে। যা চলে ১৬ আগস্ট পর্যন্ত।

কোম্পানিটির আইপিও শেয়ার কিনতে মোট ৬৮৪ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীর আবেদন ছিল ৭১.৪০ গুণ। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আবেদন ৩০.১৮ গুণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবেদন ১৪.৯২ গুণ এবং প্রবাসীদের আবেদন পড়েছে ১৫.১২ গুণ।

এর আগে গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬১৩ তম কমিশন সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

ইন্দো-বাংলা ফার্মা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে এ অর্থ উত্তোলন করবে।

উত্তোলিত টাকায় অবকাঠামো নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও সংক্রান্ত খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৬ হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬২ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬৩ টাকা।

উল্লেখ্য, কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এএফসি ক্যাপিট্যাল, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইসরি লিমিটেড।