কাল তফসিল ঘোষণা করা হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-০৭ ১৪:০৯:০২
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ‘আগামী কাল (৮ নভেম্বর) তফসিল ঘোষণা করা হবে।’ বুধবার (৭ নভেম্বর) জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি জোট নেতাদের উদ্দ্যেশে স্বাগত জানিয়ে বলেন, আপনারা জানেন আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশাকরি, কাল তফসিল ঘোষণা করা হবে।
এরপর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সবাইকে উদ্দেশ্য করে বলেন, এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ উপস্থিত আছেন। একটি সুষ্ঠু নির্বাচনে জন্য আশাকরি একটি ফলপ্রসু আলোচনা হবে। এরপর সচিব সবাইকে তার পরিচয় দিয়ে বক্তব্য রাখার অনুরোধ জানান।
সকাল ১১টা ২০ মিনিটে বৈঠকটি শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়।
বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়াউদ্দিন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু, জাতীয় ইসলাম মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি।
এছাড়া চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সংবিধান অনুযায়ী, ২৮ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন ৮ নভেম্বর তফসিল দিয়ে ২০ ডিসেম্বরের দিকে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













