শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত কমপক্ষে ১৫৬

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৯-০৪-২১ ১৪:২৯:০৬


শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলা চালানো হয়েছে। ‍রোববার (২১ এপ্রিল) খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের দিন এ ঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বোমা হামলায় অন্তত ১৫৬ জন নিহত হয়েছেন। এ হামলা আহত হয়েছেন আরও অন্তত ৫০০ শতাধিক।

এক নিরাপত্তাকর্মী জানিয়েছে, আত্মঘাতী বোমারুরা এই সিরিজ হামলা চালিয়ে থাকতে পারে।

এদিকে, দ্য ন্যাশনাল জানিয়েছে, একটি হামলা ঘটেছে  রাজধানী কলম্বোর কচিকারে এলাকার সেইন্ট অ্যান্থনি চার্চে। গির্জাটিতে ইস্টার সানডে উপলক্ষে জড়ো হয়েছিলেন অনেকে।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, দ্বিতীয় হামলাটি ঘটে নেগোম্বো শহরের কাতুওয়াপিতিয়ার সেইন্ট সেবাস্টিয়ান’স চার্চে। গির্জাটি তাদের ফেসবুক পেজে হামলার কথা উল্লেখ করে সাহায্যের আবেদন জানিয়েছে। বলেছে, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে। দয়া করে আসুন ও আপনাদের পরিবারের সদস্যদের সাহায্য করুন।

পুলিশ জানিয়েছে, গীর্জা দু’টির পাশাপাশি কলম্বোর শাংরি-লা হোটেল ও কিংসবুরি হোটেলেও বোমা হামলা ঘটেছে।