হামাসের রকেট হামলায় ১ ইসরাইলি নিহত, আহত ৮৩

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৫ ১১:১১:৩২


ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলা্য় এক ইসরাইলি নিহত ও এক অশীতিপর বৃদ্ধাসহ ৮৩ জন আহত হয়েছেন। জেরুজালেম পোস্টের খবরে এমন তথ্য জানিয়েছে।

ইসরাইলের অব্যাহত  অবৈধ দখলদারিত্ব ও নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার জবাব দিতে শনিবার সকাল ১০টা থেকে অবৈধ রাষ্ট্রটির ভূখণ্ডে রকেট হানা শুরু করে হামাস। একনাগারে রাত সাড়ে ৪টা পর্যন্ত রকেট নিক্ষেপ অব্যাহত রাখে প্রতিরোধ আন্দোলনটি।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ৪৩০টি রকেট গিয়ে তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে।

এদিকে ইসরাইলি বাহিনী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কয়েক ডজন রকেট ভূপাতিত করার দাবি করেছে।

রাত আড়াইটা নাগাদ একটি রকেট গিয়ে আশকালোন শহরের একটি ভবনে গিয়ে পড়লে ৫৮ বছর বয়সী মোশি আগাদি মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চার সন্তানের এই জনককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আশকালোনে রকেট আঘাত হানার আগে সেদেরতের একটি ভবনে গিয়ে আরেকটি আছড়ে পড়ে। এতে তিনজন হালকা আহত হয়েছেন। এই রকেট ঝড়ে ইসরাইলের ৮৩ ইহুদি আহত হয়েছেন।

আশকালোন ও উত্তর নেগেভে রকেটের ক্ষুদ্রাংশে ছয় ব্যক্তি হালকা আহত হয়েছেন। আর আশ্রয় কেন্দ্রে দৌড়ে যাওয়ার সময় আহত হন আরও ১২। আর আতঙ্কগ্রস্ত হয়ে চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন ৬২ জন।

ইসরাইলে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে হামাস। যদিও ইসরাইলি বাহিনীর কাছ থেকে এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।