এসইসির চেয়ারম্যানের দুর্নীতির প্রমাণ পায়নি দুদক

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৮-২৬ ১৩:২২:২৪


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। চেয়ারম্যানের বিরুদ্ধে পুঁজিবাজার ম্যানিপুলেশন করে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ উঠে।সংস্থাটির উচ্চপর্যায়ের একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, এসইসি চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে দুদকের গোয়েন্দা ইউনিট আগস্টের প্রথম সপ্তাহে তথ্য সংগ্রহ শুরু করে। গোয়েন্দারা গোপনে তথ্য সংগ্রহ শুরু করলেও বিষয়টি ২১ আগস্ট জানাজানি হয়ে যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে দুদক থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

গোয়েন্দা প্রতিবেদনটি কমিশনে উপস্থাপন করা হয়েছে। দুদকের গোপন গোয়েন্দা তথ্য অনুসন্ধানে খায়রুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কোনো সত্যতা মেলেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারীর কোনো অস্তিত্ব নেই। অভিযোগকারী ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করেছেন। এটি একটি ভুয়া অভিযোগ।

অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে, খায়রুল হোসেনের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

দুদকের আরেকটি সূত্র জানায়, কমিশন গোয়েন্দা প্রতিবেদনটি আমলে নিয়ে তা নথিভুক্ত করেছে।

এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুদকের গোয়েন্দা কার্যক্রমের কোনো তথ্য আমাদের জানার সুযোগ নেই। তাই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।’

সান বিডি/এসকেএস