ক্যালিফোর্নিয়ায় নৌকায় আগুন লেগে ৮ জন নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৩ ১১:০০:২৯


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় এক দ্বীপের উপকূলে একটি নৌকায় আগুন লেগে নৌকা ডুবে অন্তত ৮ জন মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন ২৬ জন।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে ‘কনসেপশন’ নামের একটি জাহাজে এ ঘটনা ঘটে।

বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। এখনও বহু জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। জাহাজে উদ্ধার অভিযানে কাজ করা কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন কিছুটা আহত হয়েছেন।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই উদ্ধার কাজ চলছে। জাহাজের নিচের ডেকে অনেক যাত্রীর আটকা পড়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল। ক্যালিফোর্নিয়ার ভেনচুরের মুখপাত্র বিল নাশ সংবাদ সংস্থা সিএনএনকে জানিয়েছেন, জাহাজটি বড় ছিল। সেখানে অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে ঠিক কতজন মারা গেছেন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।