ইমরানকে গ্রেফতারের হুমকিকে রাষ্ট্রদ্রোহ বললেন পিপলস পার্টির নেতা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৩ ১৪:২৭:২৪
পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দল জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারে সমর্থকদের উত্তেজিত করার অভিযোগ উঠেছে।
আর এ ঘটনাকে রাষ্ট্রদ্রোহমূলক বলে নিন্দা জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রবীণ রাজনীতিবিদ এয়তেজাজ আহমেদ।
নির্বাচনে জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণে কয়েক লাখ সমর্থককে নিয়ে রাজধানী ইসলামাবাদে বিস্তৃত পরিসরে ক্যাম্প করে অবস্থান করছেন এই আলেম রাজনীতিবিদ।
ইমরান খানকে পদত্যাগে দুই দিনের সময় বেঁধে দিয়ে মাওলানা ফজলুর রহমান বলেছেন, এর মধ্যে ক্ষমতা থেকে যদি তিনি সরে না দাঁড়ান, তবে লোকজন দলে দলে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসবেন।
ইতিমধ্যে আজাদি মার্চ থেকে করা পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন সাবেক ক্রিকেট কিংবদন্তি ইমরান খান। তবে রাষ্ট্রদ্রোহমূলক বক্তৃতা দেয়ার অভিযোগ তুলে মাওলানাকে আদালতে তোলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টি।
পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজসহ বড় বড় রাজনৈতিক দলগুলো মাওলানা ফজলুর রহমানের আজাদি মার্চে সমর্থন দিয়েছে।
এমনকি শুক্রবারে সমাবেশে মাওলানার সঙ্গে মঞ্চ ভাগাভাগি করেছেন পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো ও পিএমএল-নওয়াজের নেতা শাহবাজ শরীফ।
ইসলামাবাদে জমিয়তের অবস্থান কর্মসূচিকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে এয়তেজাজ আহমেদ বলেন, এটা কেবল একটি রাজনৈতিক প্রদর্শনী। পিপিপি এমন কোনো সমাবেশে যেতে পারে না, যেখানে নারীদের প্রবেশাধিকার নেই কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলে ধর্মীয় কার্ড ব্যবহার করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














