বিআইসিএমের অনুষ্ঠানে বক্তারা
কোম্পানির বাজার মূল্যায়নে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৮ ০৮:০৫:০৭
কোম্পানির বাজার মূল্যায়নের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তারা বড় ভূমিকা রাখতে পারেন। কর্মকর্তারা ভালো হলে তারা কোম্পানির হিসাব-সংক্রান্ত তথ্যকে কোম্পানির বাজার মূল্যায়নের ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে পারেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত এক সেমিনারে এমন অভিমত ব্যক্ত করেন বক্তারা। বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বিআইসিএম রিসার্চ সেমিনার-১০’ শীর্ষক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক ড. ইব্রাহিম সিরাজ। ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রভাষক ড. দেওয়ান রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন বিআইসিএমের রিসার্চ পরামর্শক (খণ্ডকালীন) ড. সুবর্ণ বড়ুয়া।
সেমিনারে উপস্থাপিত গবেষণায় বলা হয়, ব্যবস্থাপনাগত ক্ষমতা ও মান উপার্জনের প্রাসঙ্গিকতার মধ্যে একটি শক্তিশালী ইতিবাচক সম্পর্ক রয়েছে। যেটি উপার্জনের প্রাসঙ্গিকতাকেই নির্দেশ করে। এছাড়া দুর্বল করপোরেট গভর্ন্যান্স ও পণ্যবাজার শক্তি আয়ের মান প্রাসঙ্গিকতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে।
আলোচনায় মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী বলেন, এই সময়ে পরিচালনার ক্ষমতা প্রতিযোগিতামূলক সুবিধা হিসেবেই বিবেচিত এবং তা স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষার্থে অপরিহার্য।
ড. দেওয়ান রহমান পরিচালনার ক্ষমতা নির্ণয়ের জন্য প্রবর্তিত সূচকের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে এটি হবে বর্তমান গবেষণায় মূল্য সংযোজন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিআইসিএমের অনুষদ সদস্য, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













