ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৬ ১৩:০৭:১৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীরা এবং কার্জন হলের সামনে থেকে ছাত্রলীগ কর্মীরা মিছিল নিয়ে মুখোমুখি হলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে উভয়পক্ষের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ শুরু হয়। এ সময় তাদের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়া করতে দেখা যায়।

মিছিলের শুরুতে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন, ‘ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’। তাদের সেই মিছিল কিছুদূর এগোতেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধাওয়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন ছাত্রদল পিছু হটে।

ছাত্রলীগের ধাওয়ায় ছাত্রদল নেতাকর্মীরা হাইকোর্টের ভেতরে ঢুকে যায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা, স্ট্যাম্প নিয়ে হাইকোর্টের সামনে অবস্থান নেয়। ওই এলাকায় তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। তবে তৎক্ষণাৎ কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।