পুঁজিবাজার গতিশীল হলে বাড়বে রাজস্ব

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৯-১৭ ১৭:৪০:০৭


বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল হবে। এছাড়া কর্মসংস্থান তৈরি হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে। বিনিয়োগকারীদের চিন্তাভাবনা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। তাহলে আমরা ভবিষ্যতে একটি উন্নত পুঁজিবাজার দেখতে পাবো।

শনিবার (১৭ সেপ্টেম্বর)  রাজধানীর একটি হোটেলে বিএমবিএ এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পুজিঁবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এতে সভাপতিত্ব করেন বিএমবিএ সভাপতি ছায়দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমান। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিএমবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান সিএফএ।

বিএমবিএ সভাপতি বলেন, পুঁজিবাজারে দেশের সকল মানুষ আসবে না। পুঁজিবাজারে বিনিয়োগ সম্পর্কে যারা বুঝবে তারাই আসবে। না বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করলে ক্ষতির সম্মুখিন হবে বিনিয়োগকারীরা।

তিনি আরও বলেন, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করের হারের পার্থক্য আগে ছিলো ১০ শতাংশ। এই পার্থক্য এখন সাড়ে ৭ শতাংশে নিয়ে আসছি। এই পার্থক্য আরও বড় করা দরকার। আমরা সার্বিক অর্থনীতির উন্নতির কথা ভাবছি।

এসময় বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, প্রতিটি মিউচুয়াল ফান্ড নগদ লভ্যাংশ দিয়েছে। চলতি বছরে মিউচুয়াল ফান্ড ২৫ শতাংশ গ্রোথ লাভ করবে। ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আনতে হবে। আমরা যদি ৪ লক্ষ মিউচুয়াল ফান্ডকে ১০ লক্ষ বানাতে পারি তাহলে বিনিয়োগ বাড়বে।

বৈঠকে আলোচক হিসেবে অংশ নেন- পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলের চেয়ারম্যান ও সাবেক মূখ্যসচিব নজিবুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোঃ জাহিদ হাসান, বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, বিএসইসির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনূসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. এজাজুল ইসলাম, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আল-আমিন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি-রোজারিও, সিএফএ সোসাইটির প্রেসিডেন্ট শাহীন ইকবাল, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড ফান্ড এর প্রেসিডেন্ট ড. হাসান ইমাম, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট মামুনুর রশীদ এফসিএমএ ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ (আইসিএবি) এর কাউন্সিল সদস্য গোপাল চন্দ্র ঘোষ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস