আইওএসকোর ভাইস চেয়ার পদে দায়িত্ব গ্রহণ করলেন বিএসইসি চেয়ারম্যান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১০-১৭ ১৯:৫৯:৪৫


ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনালের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বিএসইসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
মরক্কোতে অনুষ্ঠিত আইওএসকোর ৪৭ তম বার্ষিক সভায় অংশগ্রহণ করে এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি আগামী ২০২২-২৪ সাল সময়কালের জন্য এ দায়িত্ব পালন করবেন।

সভায় বহুপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এর মাধ্যমে বাংলাদেশের সাথে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি পাবে।

গত ২৪ জুলাই ২০২২ তারিখে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনালের ভাইস চেয়ার পদে নির্বাচিত হয়েছেন। সারা বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাদের নিয়ে গঠিত আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানে এমন অর্জন বাংলাদেশের জন্য এই প্রথম।

আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই পদে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হওয়ায় দেশ এবং দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত হবে এবং বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক পুঁজিবাজার এর নীতিনির্ধারণে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট আইন কানুনের সাথে সমন্বয় করে দেশের পুঁজিবাজার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বৈদেশিক বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের সাথে সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি পাবে। এতে করে দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নতিতে এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

উল্লেখ্য, সারা বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সমূহ নিয়ে গঠিত প্রতিষ্ঠান আইএসকোর ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ২৩৩ টি। বিএসইসি ২০১৩ সালের ২১ ডিসেম্বর আইএসকোর সদস্য হন। সংস্থাটির ৪ টি আঞ্চলিক কমিটির মধ্যে শিয়া প্যাসিফিক রিজিওনাল অন্যতম। বর্তমানে ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২১ টি দেশ এই আঞ্চলিক কমিটির সদস্য।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তারই কমিশনের নেতৃত্বে পুঁজিবাজারে গতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৯৬৮ সালে ঢাকার ধামরাইতে জন্মগ্রহণ করেন। তার পিতা রফিকুল ইসলাম খান অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মা দেশের প্রখ্যত সংগীতশিল্পী হাসিনা মমতাজ। তার স্ত্রী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং বিটিভির একজন সংবাদ পাঠিকা। দুই পুত্র সন্তানের বাবা শিবলী রুবাইয়াত এ পর্যন্ত বিশ্বের ৩৩টি দেশ ভ্রমণ করেছেন।