বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কর্মকর্তাদের আন্দোলন
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৩-০৫ ১৪:২৪:১৬
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তারা।
বুধবার (৫ মার্চ) সকাল থেকে তারা বিএসইসি ভবনের ৪তলায় জড়ো হয়ে অথর্ব পুরো বিএসইসি কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।
এসময় কর্মকর্তারা বিএসইসির চেয়ারম্যান, কমিশনারসহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকেকে ঘোরাও করে রেখেছেন। এসময় রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি ভবনের মুল ফটক তালাবদ্ধ রাখা হয়েছে। ফলে ভবনের ভেতরে প্রবেশ বন্ধ রয়েছে। এদিন সকাল সাড়ে ১১টা থেকে মূল ফটকে তালাবদ্ধ রাখা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে জুনিয়র কর্মকর্তারা আজ এই কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এক আদেশে বাধ্যতামূলক এই সিদ্ধান্ত জানান। বিএসইসিতে নতুন কর্তৃপক্ষ যোগ দেওয়ার পর সাইফুর রহমানকে ওএসডি করা হয়েছিল। এখন তাকে অবসরে পাঠানো হয়।
কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এ–বিষয়ক আদেশ জারি করেন। এরপর বুধবার কর্মকর্তা-কর্মচারীদের বড় অংশ শীর্ষ কর্মকর্তাদের ঘেরাও করে রেখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন কর্মকর্তা বলেছেন, তারা ঘেরাও অবস্থায় আছেন। এ অবস্থায় কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার কথা বলাও যাচ্ছে না। একাধিক নির্বাহী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, কনিষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তাদের ঘেরাও করে রেখেছেন। এমনকি তারা শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কাউকে কাউকে বর্তমান চেয়ারম্যানের দালাল আখ্যা দিয়ে নানাভাবে হেনস্তা করছেন।
উল্লেখ্য, রাশেদ মাকসুদ কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই পতনের বৃত্তে আটকে আছে পুঁজিবাজার। প্রতিনিয়ত পুঁজি হারিয়ে নিঃস্ব সাধারণ বিনিয়োগকারীরা বহু বার প্রতিবাদ সমাবেশ করেছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













