বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি ঘোষণা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৫ ১৭:১২:৪০
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার থেকে কর্মবিরতি ঘোষণা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নির্বাহী পরিচালক মাহবুবুল আলম বৃহস্পতিবার থেকে এ কর্মবিরতির ঘোষণা দেন।
এর আগে বুধবার দুপুর ১ টার দিকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ১১টা থেকে মুল ফটকে তালাবদ্ধ রাখেন তারা। এতে দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী আসে। প্রথমেই সেনাবাহিনী কর্মচারী-কর্মকর্তাদের ওপর লাঠিচার্জ করে। পরে কমিশনারদেরকে নিরাপদে বের করে দেয় সেনাবাহিনী। এসময় কর্মকর্তা কর্মচারী ও সেনাবাহিনীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
কর্মকর্তা কর্মচারীরা প্রথমে স্বৈরাচারী সিদ্ধান্তের প্রতিবাদের চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন। পরে ৪ টি দাবি জানান। দাবিসমূহের মধ্যে জরুরী মিটিং কল করে নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের অবৈধ আদেশ প্রত্যাহার, তদন্ত প্রতিবেদনের মাধ্যমে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের শোকজ বন্ধ করা এবং পূর্বে প্রদত্ত শোকজ প্রত্যাহার করে ক্ষমা চাওয়া, ১২৭ জনের নিয়োগের ব্যাপারে কমিশন বিজ্ঞ আইনজীবী নিয়োগ এবং ৩ দিনের মধ্যে আপিল করে কমিশনের অবস্থান পরিস্কার করা, কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে অশোভন, অপেশাদারমূলক দুর্ব্যবহার বন্ধ করার দাবি জানান তারা। পাশাপাশি উল্লেখিত ৪ টি দাবি না মানলে এখনই পদত্যাগ করার দাবি জানান কর্মকর্তা কর্মচারীরা।
তবে সর্বশেষ সকল কর্মসূচি স্থগিত করে বৃহস্পতিবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













