ডিএসই-সিএসই’র মনিটরিং ও সার্ভেইলেন্সের কার্যক্রম জোরদার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৯ ১৭:০৮:৪১
সাম্প্রতিক বিএসইতিতে সংকটের সুযোগ নিয়ে যাতে কোন মিসক্রিয়ান্ট দুর্বৃত্ত কোন ধরণের অঘটন ঘটানোর সুযোগ না পায় সেজন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের মার্কেট মনিটরিং ও সার্ভেইলেন্সের কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম।
রোববার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে চেয়ারম্যান ও কমিশনারদের সাথে পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনরা বৈঠকে বসেন। বৈঠক শেষে এসকল কথা জানান ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম।
তিনি বলেন, আমরা বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে চাই, এই সংকটের সুযোগ নিয়ে যাতে কোন দুর্বৃত্ত কোন ধরণের অঘটন ঘটানোর সুযোগ না পায় সেজন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের মার্কেট মনিটরিং ও সার্ভেইলেন্সের কার্যক্রম জোরদার করা হয়েছে।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, সকল অংশীজনরা আজ আমরা এখানে উপস্থিত হয়েছিলাম বিএসইসি কমিশনের সঙ্গে আমাদের একাত্মতা ঘোষণা করার জন্য। এই সংকট পরিস্থিতিতে কিভাবে বাজারের আস্থা ধরে রাখা যায় এবং কিভাবে অতি দ্রুত কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে আলোচনা করার জন্য।
তিনি বলেন, বিএসইসি পুঁজিবাজারের সর্বোচ্চ নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুনাম, প্রতিষ্ঠানের সংবেদনশীলতা, তার মর্যাদা রক্ষা করার দ্বায়িত্ব বাজার সংশ্লিষ্ট সবার। যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়, আইন ও নিয়ম মেনে কমিশনের কাছে বা সরকারের কাছে আবেদন করার সুযোগ রয়েছে। এমনকি ওনারা চাইলে আইনের আশ্রয়ও নিতে পারেন। কিন্তু কোন ক্ষেত্রে একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দাওয়া আদায়ের প্রচেষ্টা হয়েছিল সেটি কোনভাবেই কাম্য নয়।
সাম্প্রতিক ঘটানার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা এটির নিন্দা জানাচ্ছি। সাথে সাথে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য আমরা মনে করি বিগত বছরে যে অনিয়ম, দূর্নীতি হয়েছে তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যে তদন্ত কার্যক্রম তার সাথে বাজার সংশ্লিষ্ট আমরা সবাই একাত্বতা ঘোষণা করছি।
ডিএসইর চেয়ারম্যান বলেন, আমরা মনে করি বিএসইসিতে অনেক ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। সেই সাথে অনেকেই আছেন যারা নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করছেন। আমরা মাননীয় চেয়ারম্যান এবং কমিশনারবৃন্দের কাছে অনুরোধ করেছি এই সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তা যারা আছেন তারা যাতে আতঙ্কিত না হয়ে তারা যাতে দৈনন্দিন কাজটি সুষ্ঠভাবে করতে পারেন বাজারের সার্থে সেটা যেন ওনারা পদক্ষেপ নেন। ওনারা আশ্বস্ত করেছেন সেই কাজটি ইতোমধ্যেই শুরু হয়েছে। সাথে সাথে আমরা আশ্বস্ত করেছি।
বিনিয়োগকারীদের পুঁজিবাজারের ওপরে আস্থা না হারানোর আহ্বান জানিয়ে বলেন, চলমান যে সংস্কার কার্যক্রম তার সফল সম্পাদন এবং সাথে সাথে পুঁজিবাজারে সরকারের যে প্রণোদনা আছে সেটা সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজার একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
গত মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় কমিশন। এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার চেয়ারম্যান ও কমিশনারদের কার্যালয় ঘিরে রাখেন কর্মকর্তা কর্মচারীরা। পরে বৃহস্পতিবার কর্মবিরতি পালনের ঘোষণা দেন কর্মকর্তা কর্মচারীরা। শনিবার সেই কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানায় বিএসইসি কর্মকর্তা-কর্মচারী ওয়েলফেয়ার এসোসিয়েশন। এই পরিস্থিতিতে রবিবার বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সাথে বৈঠকে বসেন পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজনরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল), শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজ ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













