জামিন পেয়েছেন বিএসইসির কর্মকর্তারা
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৩-১০ ১৫:৫৫:১২
জামিন পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১৩ কর্মকর্তা।
সোমবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৬ জনের এবং গতকাল রোববার (৯ মার্চ) আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ৭ জনের জামিনের আদেশ দেন।
জামিন প্রাপ্তরা হলেন—বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) ও রেজাউল করিম (৫৪), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপ-পরিচালক বনী ইয়ামিন (৪৫) ও শহিদুল ইসলাম (৪২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), রায়হান কবীর (৩০), আব্দুল বাতেন (৩২), সাজ্জাদ হোসেন (৩০), ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯) এবং উপ-পরিচালক আল ইসলাম (৩৮)। তাদের মধ্যে প্রথম সাত জন রবিবার এবং পরের ৬ জন আজ সোমবার জামিন পান।
রাজধানীর শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জামিনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সাত জন এবং আজ ছয় জন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, বুধবার (৫ মার্চ) সংস্থাটির নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরকে কেন্দ্র করে বিএসইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করেন। তারা ভবনের মূল ভবনের ফটক বন্ধ করে চেয়ারম্যান ও তিন কমিশনারকে অবরুদ্ধ করে রাখেন। পরে সেনা সদস্যরাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে চেয়ারম্যান ও তিন কমিশনারকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেন। বুধবারের ঘটনায় বিএসইসির ১৬ কর্মকর্তা–কর্মচারীকে আসামি করে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার কর্মকর্তা–কর্মচারীরা কর্মবিরতি স্থগিত করে স্বাভাবিক কাজে ফেরেন।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













