ভোরে গ্রেপ্তার বিএসইসির পরিচালক, বিকেলে জামিন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১৫ ১৪:৪৮:২৮
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বিএসইসিতে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিকে ঘিরে সৃষ্ট ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর এদিন দুপুরেই তাকে ঢাকায় আনা হয়। এরপর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে বিকেলেই আদালতের মাধ্যমে জামিন পান তিনি।
এর আগে একই মামলায় এজাহারভুক্ত ১৬ আসামির বাকি ১৫ জন আদালত থেকে জামিন নেন।
গত ৪ মার্চ রাতে বিএসইসির নির্বাহী পরিচালক ও অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারি করে কমিশন। এ আদেশের প্রেক্ষিতে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। চেয়ারম্যান ও কমিশনারদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন তারা। পরে কর্মবিরতির ঘোষণা দিয়ে চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ দাবি করেন তারা। এ সময় তারা ৫ম তলায় প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেন। পরে সেনাবাহিনীর একটি দল এসে বিক্ষুব্ধ কর্মকর্তাদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত পাঁচ কর্মকর্তাসহ সাতজন আহত হন। শেষে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা ভবন ত্যাগ করেন।
এঘটনায় ৬ মার্চ বিএসইসির চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













