ফারজানা লালারুখ
লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারী নেতৃত্ব সম্প্রসারণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৩-১৮ ১৬:১০:১৬
বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ফারজানা লালারুখ বলেছেন, লিঙ্গ বৈষম্য দূর করতে এবং নেতৃত্বে নারীর অংশগ্রহণ সম্প্রসারণ, বিশেষ করে বাংলাদেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোতে নারী নেতৃত্বের সম্প্রসারণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নারীর অংশগ্রহণ বেসরকারি খাতের কোম্পানিগুলোর উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।
সোমবার ( ১৭ মার্চ)আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধিতে বেসরকারি খাতের ভূমিকা শীর্ষক ‘রিং দ্যা বেল’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ইউএন উইমেন, ইউনাইটেড নেশনস গ্লোবাল কম্প্যাক্ট এবং সুইস স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স (এসইসিও) এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, আইএফসির বাংলাদেশ, ভূটান ও নেপালের কান্টি ডিরেক্টর মার্টিন হল্টম্যান, সুইজারল্যান্ড এ্যাম্বাসির ডেপুটি হেড অব মিশন করিন হেনচোজ পিগনানি।
অনুষ্ঠানে ফারজানা লালারুখ বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে তালিকাভুক্ত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে নারী পরিচালকদের প্রয়োজনীয়তা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোতে পরিচালক হিসেবে নারীর অবস্থান ১৯% শতাংশ, যা লিঙ্গ সমতার ইতিবাচক অগ্রগতিকে নির্দেশ করে।
আইএফসির কান্টি ডিরেক্টর মার্টিন হল্টম্যান বলেন, পরিচালনা পর্ষদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির অগ্রগতি ধরে রাখতে, আমাদের সকল ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় তাদের অগ্রগতিকে সমর্থন করতে হবে।
আইএফসি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুঁজিবাজার এবং বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকার করে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাপী সকল অংশীদার, স্টক এক্সচেঞ্জ এবং স্থানীয় পুঁজিবাজারের অব্যাহত সহায়তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন তিনি।
সুইজারল্যান্ড এ্যাম্বাসির ডেপুটি হেড অব মিশন করিন হেনচোজ পিগনানি বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে লিঙ্গ বৈচিত্র্য এবং দায়িত্বশীল বিনিয়োগের উপর মনোযোগ বৃদ্ধি পাচ্ছে কারণ তারা জানে যে লিঙ্গ ভারসাম্যযুক্ত কোম্পানিগুলি ইক্যুইটির ওপর রিটার্ন, মোট সম্পদের ওপর রিটার্ন এবং মূল্য-আয় অনুপাতে ভালো করছে।
অনুষ্ঠানে ২০২৪ সালের কর্পোরেট গভর্নেন্স কোড তুলে ধরা হয়। যার অধীনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদে কমপক্ষে একজন নারী ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে। ২০২৪ সালে ৫ শতাংশ নারী ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থেকে বেড়ে ২০২৫ সালে ৬.১৭ শতাংশ হয়েছে। এটি বাংলাদেশে পরিচালনা পর্ষদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রতিফলন বলে উল্লেখ করা হয়।
‘রিং দ্য বেল’ লিঙ্গ সমতায় একটি বৈশ্বিক অংশীদারিত্বমূলক উদ্যোগ। যা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ইউএন উইমেন, ইউনাইটেড নেশনস গ্লোবাল কম্প্যাক্ট এবং সুইস স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স (এসইসিও) এর একটি যৌথ উদ্যোগ। এটি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন এবং বসবাসযোগ্য ও দারিদ্র্যমুক্ত একটি বিশ্ব গঠনে সকল মানুষের পূর্ণ ও সমান অংশগ্রহণের লক্ষ্যে কাজ করছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













