বিএসইসিকে শক্তিশালীকরণ ও পুঁজিবাজার উন্নয়নে গঠিত কমিটির প্রথম সভা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২০ ১৬:১৩:৪৯
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-কে অধিকতর শক্তিশালীকরণ এবং পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটির পরিচিতিমূলক এবং টার্মস অব রেফারেন্স অনুযায়ী পদ্ধতি প্রণয়ন সংক্রান্ত প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টায় পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ।
সভায় আরও উপস্থিত ছিলেন- কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, কমিটির সদস্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাঈদ কুতুব ও কমিটির সদস্য সচিব বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ।
এছাড়াও বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বিএসইসি’র কমিশনার জনাব মুঃ মোহসিন চৌধুরী ও মোঃ আলী আকবর।
সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) শক্তিশালীকরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দিক নিয়ে আলোচনা হয়। কার্যপরিধি (TOR) অনুযায়ী কমিটির কাজের পদ্ধতি প্রণয়ন এবং পরবর্তী করণীয় সংক্রান্ত বিষয়ে সভায় আলোচনা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৭ মার্চ বিএসইসিকে শক্তিশালী করতে ৪ সদস্যের কমিটি গঠন করে সার্কুলার জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীকে কমিটির সভাপতি ও বিএসইসির কমিশনার ফারজানা লালারুখকে সদস্য সচিব করা হয়। এছাড়া কমিটির সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম এফসিএমএ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাঈদ কুতুবের নাম উল্লেখ করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













