আইপিও নিয়ে খসড়া সুপারিশ জমা দিলো টাস্কফোর্স

আপডেট: ২০২৫-০৩-২৪ ১৯:৪১:১৯


পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স আইপিও নিয়ে খসড়া সুপারিশ হস্তান্তর করেছে।

সোমবার (২৪ মার্চ) বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কমিটি সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে বিএসইসির চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন।

এসময় টাস্কফোর্সের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসার উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন।

এছাড়াও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স এর ফোকাস গ্রুপের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আইপিও সংক্রান্ত সুপারিশ নিয়ে প্রেস কনফারেন্স করবে সংস্কার টাস্কফোর্স

এদিকে, আইপিও সংক্রান্ত খসড়া সুপারিশ নিয়ে প্রেস কনফারেন্স করবে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। আগামী ২৭ মার্চ দুপুর ২টা থেকে ৩ টা পর্যন্ত বিএসইসি’র মাল্টিপারপাস হলে এক ঘন্টাব্যাপি আলোচনা অনুষ্ঠিত হবে। এতে আইপিও সংক্রান্ত খসড়া সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সোমবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসইসি। বিজ্ঞপ্তিতে প্রেস কনফারেন্সে সকল সংবাদমাধ্যমের সংবাদকর্মীদের অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে বিএসইসি।

এর আগে সোমবার (২৪ মার্চ) বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিকট আইপিও নিয়ে খসড়া সুপারিশ হস্তান্তর করে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স।

এএ