পুঁজিবাজারের উন্নয়নে বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধি, গভর্নরকে ধন্যবাদ জানালো ডিবিএ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-০৯ ১৫:১২:৪০
পুঁজিবাজারে বিনিয়োগের জন্য তফসিলি ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত বৃদ্ধি করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বুধবার (৯ এপ্রিল) ডিবিএ থেকে পাঠানো এক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম গভর্নরকে এই ধন্যবাদ জানান।
সাইফুল ইসলাম বলেন, “পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে তফসিলি ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধির জন্য আমরা ডিবিএর পক্ষ থেকে গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে চিঠি দিয়েছিলাম। গভর্নর মহোদয় আমাদের সুপারিশ বিবেচনায় নিয়ে পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এই বিশেষ তহবিলের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত বৃদ্ধি করায় আমরা তাঁকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও জানান, “আমরা আশা করি, এই তহবিলের যথাযথ ব্যবহার ও বিনিয়োগ বাজারের তারল্য প্রবাহ বৃদ্ধিতে সহায়তা করবে এবং দৈনিক শেয়ার লেনদেনে গতি এনে বাজারকে ইতিবাচক ধারায় নিয়ে যাবে।”
ডিবিএ প্রেসিডেন্ট আরও বলেন, “আমরা আশা করি, গভর্নর মহোদয় পুঁজিবাজারের প্রতি সর্বদা সুদৃষ্টি রাখবেন এবং এর উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন।”
এছাড়াও, উক্ত কাজে সহযোগিতা প্রদানের জন্য ডিবিএ পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানানো হয়।
পুঁজিবাজারের সার্বিক স্বার্থে ডিবিএ অতীতের মতো ভবিষ্যতেও সরকার, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসইসহ বাজার সংশ্লিষ্ট সকলের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করে এবং এর উন্নয়ন ও অগ্রগতিতে সংশ্লিষ্ট সকলকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













