পুঁজিবাজার নিয়ে গভর্নর
বিনিয়োগকারীদের স্বার্থ দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নয়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১৪ ২০:৩২:৪৮
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। একই সঙ্গে আমানতকারীদের জন্য যা করার দরকার কেন্দ্রীয় ব্যাংক সেটা করবে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার দুপুরে আইএমএফের শর্ত মেনে ডলারের দর বাজারের উপর ছেড়ে দেয়ার বিষয়টি জানাতে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুঁজিবাজারের তালিকাভুক্ত কিছু ব্যাংকের আর্থিক প্রতিবেদন আটকে যাওয়ার কারণে শঙ্কা দেখা দিচ্ছে-এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, পুজিঁবাজারের ক্ষেত্রে আমরা আমাদের নীতিমালা প্রয়োগ করেছি। কিছু কিছু ক্ষেত্রে এই নীতিমালা প্রয়োগ করতে গিয়ে ব্যাংকগুলোর কিছু অসুবিধা হচ্ছে। আর্থিক প্রতিবেদন তৈরির জন্য তারা সময় চেয়েছে, আমরা তাদেরকে এক মাস সময় দিয়েছি। এই সময়ের মধ্যে করে ফেলতে হবে।
তিনি বলেন, এটার কারণে যদি কোনো ব্যাংক অ্যাকিউর করি বা রেজুল্যাশনে নিয়ে যাই-এটা আমরা নিব আগামীতে। সেক্ষেত্রে স্টক মার্কেটে তাদের কী হবে সেটা আমরা বিবেচনায় নিব এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও সেটা জানবে। কথা হল যে আমাদের যেটুকু করার আমরা সেটা করবো আমাদের আমানতকারীদের স্বার্থে।
বিনিয়োগকারীদের স্বার্থ বিনিয়োগকারী দেখবে। বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য বাংলাদেশ ব্যাংক নয়। বিনিয়োগকারী বুঝে শুনে স্টক মার্কেটে বিনিয়োগ করেন। স্টক মার্কেট সর্বদাই ঝুকিপূর্ণ। সেখানে দুই ধরণের বিনিয়োগকারী থাকে- একটা হল স্পন্সর ডাইরেক্টর যারা বড় অংকের বিনিয়োগ করেন, তাদেরতো দায়িত্ববোধ থাকতেই হবে। কারণ তারা বোর্ডেও থাকেন। তাদের চোখের সামনে যদি ব্যাংকগুলোর পতন হয় সেজন্য তারাই দায়ী।
আর আনফুরচুনেটলি, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারাও হয়তো জানতেন অনেক ক্ষেত্রেই কোন ব্যাংকের কী অবস্থা। এসব জেনে শুনেই তারা সেখানে বিনিয়োগ করেছেন। তবে দিন শেষে এটা সবার জন্যই ভাল হবে। তবে এস আলমের জন্য ভাল হবে না। তিনি ব্যাংক ধ্বংস করেছেন। তার জন্য আমরা কেন করুণা দেখাব? সাইফুজ্জামানের জন্যও ভাল হবে না। যারা ব্যাংকের ক্ষতি করেছেন তাদের লোসার হবেই। এর জন্য মনে হয় কারো কান্নাকাটি করার দরকার নাই।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













