বিনিয়োগকারীদের আলোচনায় আসা কে এই লেফটেন্যান্ট কর্নেল তাজ!
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৫-১৭ ১২:০২:৫০
চরম আস্থাহীনতায় দেশের শেয়ারবাজার। টানা দরপতনের প্রতিবাদে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন সাধারণ বিনিয়োগকারীরা। একইসঙ্গে বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগও দাবি করছেন তারা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরও ঘুরে দাঁড়ায়নি দেশের শেয়ারবাজার। প্রতিদিনই কমছে সূচক আর লেনদেন। এমন পরিস্থিতিতে এখন দিশেহারা বিনিয়োগকারীদের। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের কেউ কেউ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বেশ কয়েকটি গ্রুপে বিনিয়োগকারীদের কেউ কেউ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে পোষ্ট দিচ্ছেন। তারা বলছেন, লাখ লাখ বিনিয়োগকারীদের রক্ষার্থে অবিলম্বে সেনাবাহিনীর পক্ষ থেকে শেয়ারবাজারে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এমন কাউকে নিয়োগ দেয়া হোক। পুঁজিবাজারের টালমাটাল পরিস্থিতিতে বেশ সরব এখন বিনিয়োগকারীরা। তাদের উদ্যেগে কয়েকটি জরিপও চালানো হয়েছে ফেসবুকে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাজকে নিয়ন্ত্রক সংস্থায় দায়িত্ব দেয়ার দাবিতে অধিকাংশের ভোট পড়ে। সরেজমিনে বিভিন্ন সিকিউরিটিজ হাউজে গেলে বিনিয়োগকারীদের মুখে এ নামটি এসেছে বারবার। বিনিয়োগকারীদের একটি উল্লেখযোগ্য অংশ মনে করছেন, জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তবে কে এই লেফটেন্যান্ট কর্নেল তাজ?
জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল তাজ বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ কর্মরত আছেন । সেনাবাহিনীতে কর্মরত এ সদস্য পাবনা জেলায় জন্মগ্রহণ করেন।
লেফটেন্যান্ট কর্নেল তাজ বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র লেফটেন্যান্ট কর্নেল সেনা কর্মকর্তা। ১৯৯৫ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে পাস করা এই কর্মকর্তা ছাত্র জীবনে শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় স্ট্যান্ড করা অর্থনীতির ছাত্র। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। এরপর তিনি ব্যবসা প্রশাসন (এমবিএ), ইতিহাস, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা সহ চারটি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে পিএইচডি করছেন।
জানা যায়, লেফটেন্যান্ট কর্নেল তাজ ২০০৮ সালে থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের শেয়ারবাজারের সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি শেয়ারবাজারের আইনকানুনসহ নানা বিষয়ে বাজারের স্টেকহোল্ডার ও বিনিয়োগকারীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে আসছেন।
দেশের শেয়ারবাজার নিয়ে এই কর্মকর্তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে দাবি করে কয়েকটি ফেসবুক গ্রুপে একাধিক বিনিয়োগকারী লিখেন, বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা যেখানে আছে সেখানে একটা নির্ভরযোগ্য ভরসা তৈরি হবে।
এম এম উজ্জল তার একটি পোষ্টে লিখেছেন, আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এমন কোন ব্যক্তি আসুক যে ব্যক্তি পুঁজিবাজার বুঝে এবং যার দেশ প্রেম আছে। রাষ্ট্রসংস্কার হচ্ছে উল্লেখ করে তিনি লিখেন, আমরা চাই পুঁজিবাজার সংস্কার হোক এবং একজন বিচক্ষণ লোক এই দায়িত্ব পালন করুক। এ সময় তিনি তার পোষ্টে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাজকে নিয়ন্ত্রক সংস্থায় দায়িত্ব দেয়ারও দাবি জানান।
বিনিয়োগকারীরা বলছেন, বর্তমান পুঁজিবাজারে মূল সমস্যা আস্থা সংকট। বিশেষ করে বর্তমান বিএসইসি চেয়ারম্যানের বিতর্কিত কর্মকান্ডে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না। এ অবস্থায় সূচকের টানা উত্থান না হলেও আতঙ্ক কাটবে না। তাই যে কোন মূল্যে নিয়ন্ত্রক সংস্থাকে পুঁজিবাজারকে গতিশীল করতে হবে। তারা আরও বলেন, যারাই এই বাজারে দায়িত্ব নিয়ে এসেছেন, তারাই বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করেছেন। কাজেই বাজারের এ ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর হস্তক্ষেপ থাকলে বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে- তারা আশা প্রকাশ করেন।
বিষয়টি নিয়ে কথা হয় লেফটেন্যান্ট কর্নেল তাজের সঙ্গে। তিনি বলেন, আমি সেনা অফিসার, প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছি। সরকার এবং বাহিনী যেখানে আমাকে প্রয়োজন মনে করে সেখানেই আমি কাজ করবো।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













