রোরবার ডিএসইতে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১৭ ১৪:০৯:০০


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যাচ্ছেন। ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সঙ্গে শেয়ারবাজার নিয়ে বৈঠকের উদ্দেশ্যে তিনি আগামীকাল রোববার (১৮ মে) এই পরিদর্শন করবেন।

এ বিষয়ে গত ১৩ মে ড. আনিসুজ্জামান চৌধুরীর একান্ত সচিব আহম্মদ আলী স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

শনিবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডিএসইতে পৌঁছে ড. আনিসুজ্জামান দুটি পৃথক বৈঠকে অংশ নেবেন। প্রথম বৈঠকে তিনি ডিএসইর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বসবেন, যেখানে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এরপর দ্বিতীয় বৈঠকে তিনি পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন। বৈঠক শেষে তিনি ডিএসই ভবনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন।

এর আগে গত ৬ মে তিনি ডিএসই পরিদর্শনে যাওয়ার দিনক্ষণ ঠিক করলেও, নির্ধারিত দিনে শেষ পর্যন্ত যেতে পারেননি। এবার সেই সফরেরই পরবর্তী তারিখ হিসেবে আগামীকাল ডিএসইতে যাচ্ছেন তিনি।

 

এসকেএস