ইবির নেতৃত্বে সি ইউনিটের মাধ্যমে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৩-২৭ ১১:৫২:৪৫
ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তিপরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধ। এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে দেশের বিপুল সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন পূরণের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
শুক্রবার (২৭ মার্চ) বেলা এগারোটা নাগাদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর নেতৃত্বে এই ইউনিটের ২৫২১৬ পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে ইবি কেন্দ্রে ১৪৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ইতোমধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুর ১২ টা পর্যন্ত চলবে এ ভর্তিপরীক্ষা।
জানা যায়, পরীক্ষার্থীদের সাহায্যে বিভিন্ন ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠনগুলো তৎপর রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে বিভিন্ন সংগঠন স্টলের মাধ্যমে শিক্ষার্থীরা নানাধরণের সহযোগিতা পাচ্ছেন। এছাড়াও অভিভাবকদের বিশ্রামের জন্য অভিভাবক কর্ণারের ব্যবস্থা করা হয়ছে। পরীক্ষার কাজে সার্বক্ষণিক সহায়তার জন্য বিএনসিসি, রোভার স্কাউট, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে এনএসআই, ডিজিএফআই ও ডিএসবি কার্যক্রম শুরু করেছে এবং পুলিশ ও আনসার বাহিনী সারারাত ক্যাম্পাসে টহল দিবে। পরীক্ষার্থীদের নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে পুলিশ, র্যাব, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করবেন। অভিভাবকদের জন্য ইবি থানার সামনে বিশেষ কর্নার, বসার স্থান ও ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়েছে। প্রধান ফটকের উত্তর পাশে তথ্য ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে এবং দুটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থাও রাখা হয়েছে। পরীক্ষার্থীদের ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ ছাড়া কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল মানবিক (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় ৯ হাজার ১৩৩ জন এবং ১০ এপ্রিল বিজ্ঞান (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় ১১ হাজার ১৮৫ জন ভর্তিচ্ছু এ কেন্দ্রে অংশগ্রহণ করবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













