ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অসুস্থ বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০৮-১১ ১০:৩১:৪৮


চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাটে ট্রেনে কাটা পড়ে শের আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট রেলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শের আলী গাইদঘাট গ্রামের উত্তরপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শের আলী মহিষ চরানোর জন্য মাঠে যান। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। একপর্যায়ে মাঠের মধ্যে রেললাইনে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, শের আলী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় অসুস্থ শরীর নিয়েও তাঁকে মহিষ চরাতে যেতে হতো।

চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ বলেন, শের আলী মহিষ চরাতে গিয়ে রেললাইনে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পরে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এনজে