মাদারীপুরের শিবচরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৮-১৯ ১৪:১১:৪৫


মাদারীপুরের শিবচরে মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাখরেরকান্দি গ্রামে পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাখরেরকান্দি দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন পরিত্যক্ত জায়গায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শিবচর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে দুপুর সোয়া বারোটার দিকে মরদেহ উদ্ধার করে। মুহূর্তেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

এখন পর্যন্ত নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। আনুমানিক বয়স ২০ থেকে ২৩ বছর বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

টিআর