রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৮-২২ ১২:৩৮:১৫
বগুড়ার মোকামতলা উপজেলা বন্দর এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় মো. রফিকুল ইসলাম (৫৬) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নে (১৪ বিজিবি) কর্মরত ছিলেন।
জানা গেছে, শনিবার সকালে সহকর্মীর সঙ্গে ছুটিতে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। পথিমধ্যে তারা মোকামতলা বন্দরে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক রফিকুলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














