নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুর থেকে উদ্ধার
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০৮-২৪ ০৯:৪০:০০
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই কিশোরের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোররাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
এলাকাবাসী জানান, দুই কিশোর মাঝেমধ্যে স্থানীয় নদী ও জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না। এ কারণে নিখোঁজ হওয়ার পর থেকেই স্বজনদের আশঙ্কা ছিল, মাছ ধরতে গিয়ে তারা কোনো জলাশয়ে তলিয়ে যেতে পারে।
এরই মধ্যে সোমবার ভোররাতে মধ্য নাকশী এলাকার বড় পুকুরে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয় এবং পুলিশকে বিষয়টি জানানো হয়।
একসঙ্গে দুই কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারসহ মধ্য নাকশী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুই কিশোরের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














