অর্থনীতি ঘুরে দাঁড়ানো ও সুশাসনে প্রত্যাশা পূরণ হয়নি: সিপিডি

আপডেট: ২০২৬-০৮-২৪ ১৬:০০:৫৩


নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পুরোপুরি পূরণ হয়নি বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মূল্যায়নে অর্থনীতি, ব্যাংকিং, শিল্প-বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন খাতে যেমন কিছু ইতিবাচক উদ্যোগ পাওয়া গেছে, তেমনি বেশ কিছু ক্ষেত্রে অস্বস্তির জায়গাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় রাজধানী ধানমন্ডির একটি মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত “সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা” শীর্ষক মিডিয়া ডায়ালগে এসব তথ্য ও বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সরকারের ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা করে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকিং খাতের দুরবস্থা, দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে দুর্নীতি, অর্থপাচার, ব্যাংকে বিপুল পরিমাণ অনাদায়ী অর্থ এবং সীমিতসংখ্যক পণ্যের ওপর রপ্তানি নির্ভরতার মতো বেশ কিছু কাঠামোগত সমস্যা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। এর পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিও তখন অনুকূল ছিল না।

তবে এসব পরিস্থিতির একটি সমন্বিত মূল্যায়ন করে সরকার কোনো দলিল তৈরি করেনি বলে মন্তব্য করেন তিনি। ফলে বর্তমানে সরকার যেসব সমস্যার কথা বলছে, সেগুলোর পক্ষে সমন্বিত তথ্য-পরিসংখ্যানও নেই বলে মনে করে সিপিডি।

তিনি বলেন, নতুন সরকারের কাছে দুটি বড় প্রত্যাশা ছিল—অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো এবং সুশাসন প্রতিষ্ঠা করা। অর্থনীতির পুনরুদ্ধারের মাধ্যমে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আসা, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং দারিদ্র্য কমানোর প্রত্যাশা ছিল। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও হুমকিবাজি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশাও ছিল।

সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে নেওয়া পদক্ষেপের মূল্যায়নে প্রায় ৩৬২টি পদক্ষেপের তালিকা তৈরি করেছে সিপিডি। এসব পদক্ষেপকে সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা, শিল্প ও বাণিজ্য, ব্যাংকিং ও আর্থিক খাত, জ্বালানি ও পরিবহন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষাসহ নয়টি খাতে ভাগ করা হয়েছে। পরে এগুলোকে ‘স্বস্তি’ ও ‘অস্বস্তি’—দুই ভাগে মূল্যায়ন করা হয়েছে।

সুশাসন, আইনের শাসন ও জনপ্রশাসনের ক্ষেত্রে ১০৫টি পদক্ষেপ পর্যালোচনা করা হয়েছে। সংসদ সদস্যদের ভবিষ্যতে প্লট বা গাড়ি না নেওয়ার সিদ্ধান্ত, সরকারি ব্যয় সংকোচনের উদ্যোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ঢাকার পরিবহন ব্যবস্থাপনা উন্নয়নের চেষ্টা এবং মেধার ভিত্তিতে দ্রুত সরকারি চাকরি দেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছে সিপিডি।

অন্যদিকে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্চ পদে নিয়োগকে অগ্রহণযোগ্য বলেছে সংস্থাটি। একই সঙ্গে গুম ও মানবাধিকারসংক্রান্ত আইন ও ব্যবস্থায় ত্রুটি-অসম্পূর্ণতা থাকা এবং সরকারের ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও সহিংসতা অব্যাহত থাকাকে অস্বস্তির জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আর্থিক ব্যবস্থাপনায় ২৫টি পদক্ষেপ পর্যালোচনা করেছে সিপিডি। ২০২৬ সালের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানো এবং ডিজিটাল পদ্ধতিতে আয়কর দেওয়ার ব্যবস্থা চালুর উদ্যোগকে ইতিবাচক বলা হয়েছে। তবে সরকারি ব্যয়ের কার্যকারিতা ও দক্ষতা মূল্যায়নে কমিশন গঠন না করা এবং নতুন ঋণ নেওয়ার আগে দেশের ঋণ পরিশোধের সক্ষমতা মূল্যায়নে ‘লোন ডিস্ট্রেস অ্যাসেসমেন্ট’ না করাকে উদ্বেগের বিষয় হিসেবে দেখেছে সংস্থাটি।

শিল্প ও বাণিজ্য খাতে ৪৫টি বিষয় পর্যালোচনা করা হয়েছে। আরএমজির বাইরে অন্যান্য খাতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির উদ্যোগকে ইতিবাচক বলা হয়েছে। তবে ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। এতে প্রায় ৬২ হাজার মানুষ কাজ হারিয়েছেন বলে সংস্থাটির হিসাবে উঠে এসেছে।

ব্যাংক একীভূতকরণ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ এবং ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় পাঁচটি ব্যাংকিং প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছে সিপিডি। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় দেওয়ার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সংস্থাটি।

জ্বালানি ও পরিবহন খাতে নারীদের পরিচালিত ‘গোলাপি বাস’ চালুর উদ্যোগ, কম জ্বালানি ব্যবহারকারীদের জন্য মূল্য পুনর্বিবেচনা এবং উপকূলে গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে। বিপরীতে দীর্ঘদিনের গ্যাস সংকট মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি এবং শিল্পকারখানায় এর প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে সিপিডি।

কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের উদ্যোগকে ইতিবাচক বলা হলেও গ্যাস সংকটের কারণে সার কারখানা বন্ধ হয়ে যাওয়াকে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা খাতে পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম থেকে তিন নেতার জীবনী সরানোর সিদ্ধান্তকে ইতিবাচক ও সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে সিপিডি। তবে শিক্ষা কমিশন গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া এবং পরীক্ষার সময় শিক্ষার্থীদের নানা সমস্যার মুখোমুখি হওয়ার বিষয়টি অস্বস্তির জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য খাতে ডায়ালাইসিস ও ফিল্টারসহ চিকিৎসাসামগ্রীর ওপর কর কমানোর উদ্যোগকে ইতিবাচক বলা হয়েছে। তবে পঞ্চম স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক কর্মসূচি বন্ধ হয়ে যাওয়াকে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

সামাজিক সুরক্ষায় প্রবীণদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড ও স্পোর্টস কার্ড বিতরণকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হয়েছে। তবে এসব কার্ড বিতরণে রাজনৈতিক প্রভাব, অনুপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সিপিডি।

বিএইচ