ভরিতে ১৬৩৩ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
আপডেট: ২০২৬-০৮-২৫ ১৩:০৪:৪৩
দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে মূল্যবান ধাতু সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৬৩৩ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।
মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২২ আগস্ট ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। তার আগে ২০ আগস্ট ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ৩ হাজার ৮৪৯ টাকা। এতে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হলো ১০ হাজার ৯৬৪ টাকা।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













