শ্রীপুরে শ্বশুর হত্যার ঘটনায় জামাই ও তার সহযোগী গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৮-২৯ ১১:২৯:০১
গাজীপুরের শ্রীপুরের স্বামী-স্ত্রীর ঝগড়ার সমাধান করতে এসে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর হাফিজ উদ্দিনকে হত্যার ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১ এবং র্যাব-৩ এর একটি দল। শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে র্যাব-১ গাজীপুর (পোড়াবাড়ী) ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামীরা হলেন হাফিজ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি গ্রামের ফেরদৌসের ছেলে ফিরোজ (২৫) এবং চার নাম্বার আসামী রফিকুল ইসলাম (৩৬)। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে ফিরোজকে রাজধানীর হাতিরঝিল থানাধীন মরিয়মলেন হতে এবং রফিকুল ইসলামকে হাতিরঝিল থানাধীন চাঁন মসজিদ এলাকা হতে গ্রেফতার করা হয়।
ভিকটিম নিহত হাফিজ উদ্দিন (৫০) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও (উত্তরপাড়া) গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, নিহত হাফিজ উদ্দিনের মেয়ে সুরাইয়া বেগম তাঁর স্বামী ফিরোজ মিয়ার সাথে শ্রীপুর পৌরসভার দারোগারচালা এলাকার মনির হোসেনের বাড়ীতে ভাড়া থাকে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। খবর পেয়ে ওই রাত ১১ টার দিকে সুরাইয়ার বাবা হাফিজ উদ্দিন সলিং মোড়ের ভাড়া বাসা থেকে তার মেয়ের দারোগারচালা এলাকার ভাড়া বাসায় আসেন। বাবার সামনেই মেয়েকে জামাই মারধর করলে শ্বশুর প্রতিবাদ করে। এক পর্যায়ে পরে মেয়ের জামাই ফিরোজ মিয়া, তার ভাই, চাচা ও উকিল বাবার সাথে শশুর হাফিজ উদ্দিনকে এলাপাতাড়ি মারধর করলে তাঁর মৃত্যু হয়। হত্যার একদিন পর বৃহস্পতিবার (২০ আগস্ট) নিহতের ছেলে মোশারফ হোসেন কাউছার (২৯) বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ জনকে আসামী করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করে। আসামীরা হলো ফিরোজ (২৫) ফেরদৌস, জুবেদা, রফিকুল ইসলাম, মিতু, হাবিবুর রহমান হাবু, হান্নান এবং রাকিবসহ অজ্ঞাত ৫ জন। ঘটনার পরপরই আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করে। আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১ ছায়া তদন্ত শুরু করেন। পরে বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এবং র্যাব-৩ রাজধানীর হাতিরঝিল থানার আলাদা স্থান থেকে দুইজনকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আসামী দেরকে রাজধানীর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














