এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০৮-৩১ ১১:৩৮:২৫
মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (৩০ আগস্ট) দুপুরে কুলাউড়া আমলী আদালতে আসামিপক্ষ জামিনের আবেদন জানালে শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে এনসিপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করে।
মামলার বাদী তামিম আহমদের অভিযোগ, এনসিপিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়া উত্তর বাজার এলাকায় পৌঁছালে আসামিরা পরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং হত্যার উদ্দেশ্যে মারাত্মক আঘাত করে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














