প্রধানমন্ত্রী ফেনী যাচ্ছেন আজ, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ডের

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৬-১০-০১ ০৮:৫৬:৪১


প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফেনী সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর ফেনীতে আগমন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ দায়িত্বশীলরা ফেনীতে অবস্থান করছেন।

জানা গেছে, আজ ফেনীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। সমাজে সুবিধাবঞ্চিত নারীপ্রধানদের মধ্যে ফেনীতে আজ ৫১০ জন পাবেন ফ্যামিলি কার্ড। এ ছাড়া দুস্থ ও অসহায় ১০০ জনকে বিশেষ অনুদান দেওয়া হবে। প্রধানমন্ত্রীর হাত থেকে নেবেন পাঁচজন।

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান পাবেন ৫০ জন। প্রধানমন্ত্রীর হাত থেকে নেবেন পাঁচজন। ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালিসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা পাবেন ৩০ জন। প্রধানমন্ত্রীর হাত থেকে নেবেন পাঁচজন। প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান পাবেন ২০ জন। প্রধানমন্ত্রীর হাত থেকে নেবেন পাঁচজন।

চলতি বছরের ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়। প্রথমে ১৪ উপজেলায় পাইলট কার্যক্রম চলে, পরে তিন ধাপে ৫৫ উপজেলায় পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়। সরকার গঠনের মাত্র ২১ দিনের মধ্যে কর্মসূচিটি শুরু করা হয়।

তিনি জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ফেনীতে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। এরপর ১৫ অক্টোবরের পর বড় পরিসরে কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা ৪৩ লাখ কৃষক। উদ্বোধনী পর্যায়ে ৫৬ জেলার ৭৭ উপজেলার ৭৭টি কৃষি ব্লকের এক লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষক কৃষি উপকরণ সহায়তা পাবেন। প্রথম দিনই প্রায় এক লাখ কৃষককে প্রণোদনার আওতায় আনা হবে। এরই মধ্যে সাড়ে ১৯ লাখ কৃষকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে। প্রত্যেক উপকারভোগী বছরে একবার দুই হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই সুবিধা শুধু ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য প্রযোজ্য। মাঝারি ও বড় কৃষক আপাতত এই কর্মসূচির আওতায় থাকছেন না।

এনজে