কামরুল-মেননের মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-০৫ ১৪:১৯:৫৬
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২৩ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে নির্ধারিত সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন।
প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর সুলতান মাহমুদ। এ সময় প্রসিকিউটর মঈনুল করিম, মামুনুর রশিদ, মার্জিনা রায়হানসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
প্রসিকিউশন জানায়, কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা ছিল। নির্ধারিত সময় অনুযায়ী সাক্ষীও ট্রাইব্যুনালে হাজির হন। তবে অন্য একটি মামলায় দুজনের সাক্ষ্যগ্রহণ চলায় সময় চায় প্রসিকিউশন। পরে আগামী ৭ অক্টোবর সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এদিন সকালে কারাগারে থাকা কামরুল ও মেননকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ২৮ সেপ্টেম্বর এ মামলায় চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাইযোদ্ধা হান্নান মিয়া।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন উসকানি দিয়েছেন কামরুল ও মেনন। তারা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির প্ররোচনা দেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জন নিহত হন। আহত হন আরও অনেকে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












