‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বিচ্ছিন্নতা নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-০৫ ১৯:২৪:১৫


দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নীতিনিষ্ঠ, বাস্তববাদী ও জাতীয় স্বার্থকেন্দ্রিক হতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বিচ্ছিন্নতার অর্থ বহন করে না। কূটনীতির কেন্দ্রে বাংলাদেশের স্বার্থকে রেখে পারস্পরিক সম্মান ও সুবিধার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোই এ নীতির লক্ষ্য।

সোমবার (৫ অক্টোবর) মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ভূরাজনৈতিক প্রতিযোগিতা, নিরাপত্তা ঝুঁকি, অর্থনৈতিক দুর্বলতা, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় বাংলাদেশকে দূরদর্শী পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে।

প্রতিবেশীদের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক একীভূতকরণ ও বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য ও সুস্পষ্ট নীতির প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

হুমায়ুন কবির আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করাও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি আত্মবিশ্বাসী হবে, কিন্তু সংঘাতমুখী নয়; উন্মুক্ত হবে, কিন্তু নির্ভরশীল নয়; বাস্তববাদী হবে, তবে জাতীয় স্বার্থের সঙ্গে আপস করবে না।

বিএইচ