‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে কাজ করবে নৌপরিবহন মন্ত্রণালয়

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-০৫ ২১:১৭:১৪


দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সংসদীয় কমিটি এবং নৌপরিবহন মন্ত্রণালয় একযোগে কাজ করবে।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। বৈঠকের শুরুতে কমিটির সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে সদস্যদের বরণ করে নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক কাজের ক্ষেত্রে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার মতামতকে প্রাধান্য দিয়েই মন্ত্রণালয়ের যাবতীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই গণতান্ত্রিক সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সব কর্মকর্তা-কর্মচারী ও কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান। সরকার ও প্রশাসনের মধ্যকার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রথম এই বৈঠকে নৌপরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন সংস্থার সার্বিক কার্যক্রম সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

বৈঠকে সংসদীয় কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম, মো. মাহমুদুল হক রুবেল, আনিছুর রহমান, সাঈদ আহমেদ, সানজিদা ইয়াসমিন, মো. নাজমুল হুদা এবং আবদুল হান্নান মাসউদ অংশগ্রহণ করেন।

এ ছাড়া, বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, আওতাধীন দপ্তর ও সংস্থার মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংস্থা প্রধানরা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএইচ