পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৬ ১৬:১৪:০৩
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ অক্টোবর) পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এ বছর এ পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়।
নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্বৈজ্ঞানিক উৎস থেকে উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার স্বীকৃতিস্বরূপ ফ্রান্সিস হ্যালজেনকে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
ফ্রান্সিস হ্যালজেনের জন্ম ১৯৪৪ সালের ২৩ মার্চ বেলজিয়ামের তিয়েনে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনে কর্মরত।
এর আগে সোমবার (৫ অক্টোবর) নোবেল পুরস্কারের প্রথম দিনে চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল।
নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানায়, আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স-সংক্রান্ত আবিষ্কারের জন্য তাদের ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার ধারাবাহিকতায় বুধবার (৭ অক্টোবর) রসায়ন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাহিত্য এবং শুক্রবার (৯ অক্টোবর) শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।
শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। অন্য বিভাগগুলোর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে।
ডিনামাইটের উদ্ভাবক সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা উল্লেখ থাকলেও ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয়।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে বিজয়ীদের অর্থ, সনদ ও স্বর্ণপদক দেওয়া হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













