শ্রমিক অসন্তোষ কাটিয়ে স্বাভাবিকভাবে চলছে ইন্দো-বাংলা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৮ ১১:১৩:৪৬


গত ২৪ সেপ্টেম্বর একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “বরিশালে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা” শীর্ষক প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৬ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো চিঠির জবাবে কোম্পানিটি এই ব্যাখ্যা দেয়।

গত ১৩ সেপ্টেম্বর কোম্পানির একজন কর্মকর্তাকে কিছু শ্রমিকের মৌখিকভাবে হয়রানি করার অভিযোগ ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনার পর কারখানার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

ওই ঘটনার পর যথাযথ তদন্ত ও আইনগত পদক্ষেপ নেওয়া হয়। তদন্তে দায়ী পাওয়া কিছু শ্রমিক কারখানা প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত করে। এ প্রেক্ষিতে ব্যবস্থাপনা প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

গত ২৭ সেপ্টেম্বর থেকে কারখানার কার্যক্রম শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে চলছে। ওই ঘটনা কোম্পানির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে কোনো বিরূপ প্রভাব ফেলেনি এবং এ বিষয়ের কারণে কোম্পানির গোয়িং কনসার্ন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

 

এসকেএস