সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন-চিকিৎসাকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৮ ২১:৪১:৫৬


সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ওই দুই প্রতিষ্ঠানে আছড়ে পড়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর সেটির ধ্বংসাবশেষ রিয়াদে পড়েছে। এতে একটি কিন্ডারগার্টেন ও একটি ক্লিনিক কমপ্লেক্সের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, বিবৃতিতে তা পরিষ্কার করা হয়নি।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক সপ্তাহ ধরে প্রায়ই সৌদি আরবের রাজধানী রিয়াদ-সহ বিভিন্ন প্রান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হুথিদের হামলায় ভয়াবহ সংকটে পড়েছে রিয়াদ। দেশটির আকাশসীমায় বিমান চলাচল ব্যাহত হওয়ায় ইয়েমেনের গৃহযুদ্ধে এই গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই করা সরকারি জোটের নেতৃত্বে থাকা রিয়াদ কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।

বেসামরিক স্থাপনায় হামলার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের স্বীকার করার ঘটনা তুলনামূলক বিরল। তবে গত কয়েক সপ্তাহে হুথিদের হামলার প্রভাব নিয়ে কর্মকর্তারা হাতে গোনা কয়েকটি বিবৃতি দিয়েছেন।

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া আট মাসের এই সংঘাতের মাঝে রাজধানী লক্ষ্য করে চালানো এই হামলার মাত্রা ও সংখ্যা নজিরবিহীন।

ইয়েমেন সংঘাত গত জুলাইয়ে নতুন করে শুরু হওয়ার পর সৌদি আরব আরও গভীরভাবে জড়িয়ে পড়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোঁজার বদলে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব ও হুথিরা। সূত্র: এএফপি।

বিএইচ