দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-১১ ১৬:৩৬:৫৭
ভারতের রাজধানী দিল্লিতে আবারও আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) সভাপতি নেহা বোরা। বিক্ষোভে যোগ দিতে গিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (১১ অক্টোবর) বেলা আড়াইটায় দিল্লির আর কে আশ্রম এলাকায় বিক্ষোভের ঘোষণা দিয়েছিলেন নেহা বোরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারে তিনি জানান, ব্যারিকেড পেরিয়ে তারা দিল্লির কনট প্লেস এলাকায় পৌঁছেছেন। এর পরই তাকে আটক করা হয়।
এর আগে, গত ১০ অক্টোবর পুলিশি হেফাজত থেকে মুক্তি পেয়েছিলেন নেহা বোরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পুলিশ তার ফোন নিয়ে গিয়েছিল।
পরে সেটি ফেরত পান তিনি। একই সঙ্গে ময়দান গড়ি থানায় আটক নারীদেরও মুক্তি দেওয়া হয় বলে পোস্টে জানানো হয়েছিল।
এদিকে, দিল্লিতে সাধারণ নাগরিক ও ভিন্নমতাবলম্বীদের ওপর পুলিশি দমন-পীড়ন এবং গণহারে আটকের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটির অভিযোগ, প্রতিবাদী ও সমালোচনামূলক কণ্ঠ স্তব্ধ করতে নয়াদিল্লি দেশজুড়ে ভীতিকর পরিবেশ তৈরি করছে।
দিল্লি পুলিশের পদক্ষেপের সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, বিরোধী রাজনৈতিক দলের নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আইনজীবীসহ পাঁচ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।
তার মতে, এসব ঘটনা থেকে বোঝা যায়, সরকার সমালোচনামূলক কণ্ঠ দমনের চেষ্টা করছে।
বিবৃতিতে আকার প্যাটেল বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগের কারণে যাঁদের আটক করা হয়েছে, তাদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দিতে হবে।
একই সঙ্গে, মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ সংযম দেখানো এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













