ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-১১ ১৫:৩৭:৫৪
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।
রোববার (১১ অক্টোবর) সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে প্রদেশটির সরকার কার্যত স্থগিত হয়ে পড়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সুপারিশ তিনি অনুমোদন করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ দমনে প্রাদেশিক সরকার ইচ্ছাকৃতভাবে সহযোগিতা থেকে সরে এসেছে বলে মন্ত্রিসভা মনে করছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সরকার রয়েছে। ইমরান খান তিন বছরের বেশি সময় ধরে কারাগারে থাকলেও দেশজুড়ে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে তার দল। এমন পরিস্থিতিতে প্রদেশটিতে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত এলো। সূত্র: আল জাজিরা
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













