প্রজ্ঞাপন জারি: ৬ মাসের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করলে কর ছাড়

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১০-২৯ ১৭:৩৬:২০


কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়ামের কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৫ শতাংশ শেয়ার বিক্রির অর্থ ৬ মাসের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করলে ১০ শতাংশ ‘গেইন ট্যাক্স’ ছাড় পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আজ ২৯ অক্টোবর সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের প্রজ্ঞাপনের ফলে কর ছাড়ের বিষয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে। তাই চলতি সপ্তাহের মধ্যেই পুঁজিবাজারে চীনা কনসোর্টিয়ামের সাড়ে ৯০০ কোটি টাকার বিনিয়োগ আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ডিএসইর পরিচালাক মিনহাজ মান্নান ইমন সানবিডিকে বলেন, আজ এনবিআর প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল সকালে আইন মন্ত্রণালয় থেকে একটি নাম্বার পাওয়া যাবে। তার পর থেকেই ব্রোকাররা টাকা নিয়ে বাজারে বিনিয়োগ করতে পারবে।