নৌকার জন্য শেখ হাসিনা বাছাই করলেন ডিএসইর সাবেক সভাপতি টিটুকে
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১১-২৫ ১৯:৫০:১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য টাঙ্গাইল ৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু। আজ রোববার তিনি দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হাত থেকে এই পত্র গ্রহণ করেছেন।
সূত্র মতে, গত ৯ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু করে অাওয়ামী লীগ। মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া চলে ১২ নভেম্বর পর্যন্ত চলে।
একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সর্বোচ্চ সংখ্যক ৪ হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করে। যা দশম জাতীয় সংসদ নির্বাচনে বিক্রি হওয়া মনোনয়ন ফরম থেকে ১৪০০ বেশি।
জানা গেছে, আহসানুল ইসলাম বর্তমানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ২০১৩ সালে ডিএসইর ২৪তম সভাপতির দায়িত্ব পালন করেছেন।। এর আগে ২০০০ সালে তিনি ডিএসইর সহ-সভাপতি এবং ২০১০ সালে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আহসানুল ইসলাম টিটু ১৯৬৯ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে থাইল্যান্ড থেকে উচ্চ শিক্ষা নেন। আমেরিকা থেকে এমবিএ শেষ করে দেশে ফিরে ১৯৯৩ সালে ডিএসইর সদস্যপদ নিয়ে ব্যবসা শুরু করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














