ঢাকায় আবারও বসছে পুঁজিবাজার মেলা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৭ ১১:২৮:০৪
রাজধানী ঢাকায় আবারও বসছে তিন দিনব্যাপী পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ মেলা-বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৯। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই এক্সপো অনুষ্ঠিত হবে। এটি এই এক্সপোর চতুর্থ আয়োজন।
এবারের ক্যাপিটাল মার্কেট এক্সপোতে দেশের শীর্ষ ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডার স্টল নিয়ে তাদের পণ্য ও সেবা তুলে ধরবে। এক্সপো উপলক্ষ্যে পুঁজিবাজার ও অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একাধিক সেমিনারের আয়োজন করা হবে। তাতে খ্যাতনামা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, বিশ্লেষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব (সিএস) প্রমুখ অংশ নেবেন।
আগের আয়োজনগুলোর মতো এবারও সরকারের সিনিয়র একজন মন্ত্রী প্রধান অতিথি হিসেবে এক্সপো উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুঁজিবাজারের অভিভাবক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান এবং একাধিক কমিশনার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন পর্বে অংশ নিয়ে সেগুলোকে তাৎপর্যময় করে তুলবেন। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও বিমা উন্নয়ন কর্তৃপক্ষের (আইডিআরএ) দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেবেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













